অধ্যায়

প্রতিদিনের বিক্রি

অনলাইন শপ ও অনলাইন অর্ডার

নিজের অনলাইন শপ চালু করা, কাস্টমার কী দেখেন, অনলাইন অর্ডার কনফার্ম-প্যাক-ডেলিভারি করা আর কুরিয়ার সংযোগ

যাদের জন্য:মালিকম্যানেজারফার্মাসিস্টক্যাশিয়ার

এই অধ্যায়ে

PharmaDesk-এ প্রতিটি ফার্মেসির নিজস্ব একটা অনলাইন শপের লিংক থাকে। কাস্টমার সেখান থেকে ওষুধ বা প্রেসক্রিপশনের ছবি পাঠিয়ে অর্ডার দেন, আর অর্ডার সরাসরি আপনার অনলাইন অর্ডার পাতায় আসে। এই অধ্যায়ে শপ চালু করা থেকে ডেলিভারি পর্যন্ত পুরো কাজ দেখানো হলো।

শপ চালু করা ও লিংক ছড়ানো

অনলাইন শপ › শপ সেটিংস পাতার উপরে আপনার শপের লিংক দেখা যায়।

শপ সেটিংস
শপ সেটিংস
  1. অনলাইন শপ খোলা টিক দিন। বন্ধ থাকলে শপের পাতা "শপ পাওয়া যায়নি" দেখায়, কেউ অর্ডার দিতে পারে না।
  2. শপের নাম, খোলার সময় আর WhatsApp নম্বর দিন। ঘোষণা বার-এ যেমন "আজ ধানমন্ডিতে ফ্রি ডেলিভারি" লিখতে পারেন।
  3. অর্ডার প্যাক হয় ঘরে কোন শাখা অর্ডার সামলাবে বাছুন। শপে সেই শাখার স্টকই দেখায়।
  4. ডেলিভারি অংশে হোম ডেলিভারি আর/অথবা ফার্মেসি থেকে পিকআপ টিক দিন। ডেলিভারি চার্জ (৳), এর বেশি হলে ফ্রি ডেলিভারি (৳) আর সর্বনিম্ন অর্ডার (৳) দিন (০ মানে প্রযোজ্য নয়)।
  5. এলাকাভেদে আলাদা চার্জ চাইলে এলাকা যোগ করুন দিয়ে এলাকার নাম আর চার্জ দিন। বাকি এলাকায় সাধারণ চার্জ লাগে।
  6. পেমেন্ট অংশে ক্যাশ অন ডেলিভারি / নেওয়ার সময় পরিশোধ টিক দিন। বিকাশ বা নগদে সেন্ড মানি নিতে চাইলে নম্বর দিন; খালি রাখলে সেই অপশন লুকানো থাকে।
  7. শপ সেটিংস সংরক্ষণ চাপুন।

তারপর লিংক ছড়িয়ে দিন:

  • কপি দিয়ে লিংক কপি করে ফেসবুক পেজ বা WhatsApp-এ দিন, অথবা শেয়ার চাপুন।
  • শপ খুলুন দিয়ে নিজে একবার দেখে নিন।
  • পোস্টার প্রিন্ট চাপলে A4 পোস্টার খোলে, বড় অক্ষরে শপের লিংক থাকে। কাউন্টারে লাগিয়ে রাখুন।

কার্ড বা বিকাশ-নগদে সরাসরি অনলাইন পেমেন্ট নিতে চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে অংশের SSLCommerz, বিকাশ ও নগদ সেট করুন লিংকে যান। বিস্তারিত অনলাইন পেমেন্ট অধ্যায়ে।

কাস্টমার কী দেখেন

কাস্টমার মোবাইলে লিংক খুললে আপনার শপের নাম, ডেলিভারি চার্জ আর পেমেন্টের উপায় দেখেন। উপরে বাংলা-ইংরেজি বদলানোর বোতাম আছে।

কাস্টমারের মোবাইলে শপ
কাস্টমারের মোবাইলে শপ
  • ব্র্যান্ড বা জেনেরিক নাম লিখে খোঁজেন, ক্যাটাগরি দিয়ে বাছেন, "এই মাসে জনপ্রিয়" দেখেন।
  • ওষুধের পাতায় পাতা বা আলাদা ইউনিট বেছে কার্টে যোগ করুন চাপেন। স্টক না থাকলে একই জেনেরিকের বিকল্প দেখায়।
  • কার্টে ডেলিভারি বা পিকআপ, এলাকা, ঠিকানা আর পেমেন্টের উপায় বেছে অর্ডার করুন চাপেন। প্রেসক্রিপশন লাগে এমন ওষুধ থাকলে প্রেসক্রিপশনের ছবি দিতে হয়।
  • শুধু ছবি পাঠিয়েও অর্ডার দেওয়া যায়: প্রেসক্রিপশন দিয়ে অর্ডার করুন › ছবি দিয়ে প্রেসক্রিপশন পাঠান। ফার্মাসিস্ট ওষুধ সাজিয়ে ফোনে দাম জানান।
  • অর্ডারের পর কাস্টমার একটা ট্র্যাকিং পাতা পান, SMS-এও লিংক যায়। সেখানে অর্ডারের অবস্থা, রাইডারের নাম, কুরিয়ারের ট্র্যাকিং দেখা যায়। আপনি কনফার্ম করার আগে পর্যন্ত কাস্টমার নিজে অর্ডার বাতিল করতে পারেন।

অনলাইন অর্ডার সামলানো

অনলাইন শপ › অনলাইন অর্ডার পাতা খোলা রাখলে প্রতি ২০ সেকেন্ডে নতুন অর্ডার খোঁজে; নতুন অর্ডার এলে দুবার বিপ শব্দ হয় আর উপরে বার্তা দেখায়।

অনলাইন অর্ডার
অনলাইন অর্ডার

ট্যাবগুলো কাজের ধাপ অনুযায়ী: নতুন, প্যাক করতে হবে, প্যাক হয়েছে, ডেলিভারিতে গেছে, ডেলিভারি হয়েছে, বাতিল / ফেরত। অর্ডার নং, ফোন বা নাম দিয়ে খোঁজা যায়। অর্ডার নম্বরে চাপলে বিস্তারিত পাতা খোলে।

ধাপে ধাপে একটি অর্ডার

  1. দেখা ও ঠিক করা: প্রেসক্রিপশনের ছবি থাকলে ডানে বড় করে, ঘুরিয়ে দেখুন। চাইলে পর্যালোচনা শুরু চাপুন, অবস্থা হবে "ফার্মাসিস্টের পর্যালোচনা"।
  2. আইটেম বদলানো: পরিমাণ বদলান, স্টক না থাকলে ⇄ (অন্য ব্র্যান্ড দিয়ে বদলান) চেপে বিকল্প বাছুন, বা নতুন ওষুধ যোগ করুন। প্রেসক্রিপশন-অর্ডারে এখানেই ওষুধ যোগ করবেন। দরকার হলে ছাড় (৳) দিন। তারপর আইটেম সংরক্ষণ চাপুন।
  3. পেমেন্ট মিলানো: বিকাশ/নগদ সেন্ড মানি হলে কাস্টমারের দেওয়া ট্রানজেকশন আইডি নিজের মার্চেন্ট অ্যাপে মিলিয়ে যাচাই হয়েছে চাপুন। টাকা না পাঠালে ক্যাশ অন ডেলিভারিতে বদলান।
  4. কনফার্ম: অর্ডার কনফার্ম চাপুন। এই মুহূর্তে স্টক কাটে আর ইনভয়েস তৈরি হয়; কাস্টমার SMS পান।
  5. প্যাক: ইনভয়েস / প্যাকিং স্লিপ প্রিন্ট করে মালের সাথে দিন, তারপর প্যাক হয়েছে চাপুন (পিকআপ অর্ডারে নেওয়ার জন্য প্রস্তুত)।
  6. পাঠানো: রাইডারের নাম ও রাইডারের ফোন দিয়ে ডেলিভারিতে পাঠান চাপুন। কুরিয়ার সংযোগ থাকলে তার বদলে কুরিয়ার বুক করুন (নিচে দেখুন)।
  7. ডেলিভারি শেষ: রাইডার টাকা নিয়ে ফিরলে কোন ক্যাশ অ্যাকাউন্টে যাবে বেছে ডেলিভারি হয়েছে চাপুন। পিকআপ অর্ডারে কাস্টমার নিয়ে গেলে কাস্টমার নিয়ে গেছেন।

বাতিল ও ফেরত

  • অর্ডার বাতিল: কারণ লিখতে হয়, কাস্টমার সেটা দেখেন। কনফার্মের আগে যে কেউ পারেন; কনফার্মের পর শুধু ম্যানেজার বা মালিক, তখন ইনভয়েস বাতিল হয়ে স্টক ফেরত আসে।
  • কাস্টমার ফেরত দিয়েছেন: ডেলিভারিতে যাওয়ার পর কাস্টমার না নিলে ম্যানেজার এটা চাপেন; ইনভয়েস বাতিল হয়, স্টক ফিরে আসে।
  • পুরো অর্ডার ফেরত এলে ডেলিভারি চার্জও ফেরত দেবেন কিনা তা মালিক ঠিক করেন অ্যাডমিন › সেটিংস › বিক্রি ও পিওএস অংশের "Refund the delivery charge when an online order comes back in full" টিক দিয়ে। বন্ধ থাকলে কাস্টমারকে ডেলিভারি চার্জ দিতেই হয়।

ডেলিভারি পার্টনার (কুরিয়ার)

Pathao, Steadfast বা RedX-এ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে অনলাইন শপ › ডেলিভারি পার্টনার পাতায় যুক্ত করুন (শুধু মালিক)।

  1. কুরিয়ারের কার্ডে তাদের মার্চেন্ট প্যানেল থেকে পাওয়া কী বা লগইন তথ্য দিন।
  2. এই কুরিয়ার ব্যবহার করুন টিক দিন। একাধিক থাকলে একটিকে ডিফল্ট কুরিয়ার করুন। প্রথমে পরীক্ষার জন্য স্যান্ডবক্স (টেস্ট মোড) রাখতে পারেন।
  3. সংরক্ষণ করে সংযোগ পরীক্ষা করুন চাপুন।
  4. স্ট্যাটাস webhook URL কপি করে কুরিয়ারের প্যানেলে বসান, তাতে ডেলিভারির খবর সাথে সাথে আসে।

এরপর কনফার্ম বা প্যাক হওয়া হোম-ডেলিভারি অর্ডারের পাতায় কুরিয়ার অংশে কুরিয়ার বুক করুন চাপুন, ঠিকানা মিলিয়ে বুক করুন। কুরিয়ার মাল তুললে অর্ডার নিজে থেকে "ডেলিভারিতে গেছে", পৌঁছালে "ডেলিভারি হয়েছে" হয়।

কুরিয়ার যে ক্যাশ অন ডেলিভারি তোলে, তা আপনাকে না দেওয়া পর্যন্ত কুরিয়ারের কাছে থাকা টাকা অংশে জমা দেখায়। কুরিয়ার টাকা পাঠালে অঙ্ক আর কোন অ্যাকাউন্টে এল দিয়ে পরিশোধ লিখুন চাপুন।

সাধারণ ভুল